খেলাফত ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় আমীরে শরীয়তের বক্তব্য ও নসীহত
04/08/2023
শুক্রবার (০৪ আগস্ট ২০২৩) মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
মহান আল্লাহ তাআলার প্রশংসা ও মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর দরুদ পাঠের পর তিনি পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াত পাঠ করেন-
وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ [ال عمران: ١٠٤]
অর্থ: তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহবার করবে, সৎকাজের আদেশ দিবে ও অসৎকাজে নিষেধ করবে এবং তারাই পরিপূর্ণ সফল হবে। [সূরা আলে ইমরান, আয়াত: ১০৪]
অত:পর তিনি দীর্ঘসময়ব্যাপী একত্রে বসে দ্বীনি কাজকে এগিয়ে নেওয়ার ফিকির করার জন্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নেক বদলা কামনা করেন।
তিনি বলেন, ফিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফিকিরের মাধ্যমেই কোন জিনিস বাস্তবতায় আসে। তিনি জাতীয় সংসদ ভবনের উদাহরণ দিয়ে বলেন, সংসদ ভবনটি বাস্তব অস্তিত্বে আসার আগে কারো মাথায় এর ফিকির, প্ল্যানিং এসেছে। সেই ফিকিরই পরবর্তীতে বাস্তব রুপ লাভ করেছে।
তিনি বলেন, ইখলাস, নজম (শৃংখলা) ও ইত্তেহাদের (ঐক্যবদ্ধতা) সাথে কাজ করলে, কাজের সাথে লেগে থাকলে আল্লাহ তা’আলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমার মনে চায় খেলাফতের এই কাজ নিয়ে সারা দেশব্যাপী সফর এবং বিভিন্ন কার্যক্রম করতে কিন্তু অসুস্থতার কারণে সবসময় শরীর সায় দেয় না। এজন্য সকলের কাছে দোয়া চান তিনি।